বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামের শিকড় অনেক গভীরে। তাই এদেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলন নির্মূলের শক্তি কারো নেই। বাংলার সবুজ ভুখন্ডে ইসলামী সমাজ বির্নিমানের আন্দোলনে শামিল হওয়াই ছিল শহীদ আব্দুল কাদের মোল্লার একমাত্র অপরাধ। ইসলামী আন্দোলনকে নেতৃত্বে শূন্য করতেই নিরপরাধ আব্দুল কাদের মোল্লাকে বিচারের নামে চরম অবিচার করে শহীদ করা হয়েছে। জীবন্ত আব্দুল কাদের মোল্লার চেয়ে শহীদ আব্দুল কাদের মোল্লা আরো বেশী শক্তিশালী। ক্ষমতাসীনদের ক্ষমতার বিচারে আব্দুল কাদের মোল্লাকে শহীদ করা হলেও শেষ বিচারের দিনে আল্লাহর আদালতে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। শহীদ আব্দুল কাদের মোল্লার রূহের মাগফেরাত কামনা করে শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইসলামী আন্দোলনের কোটি কোটি জনশক্তি মোনাজাত করছে।
তিনি শুক্রবার শহীদ আব্দুল কাদের মোল্লার প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামায়াত কেন্দ্র ঘোষিত দোয়া দিবস ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা মাদ্রাসার এতিমখানায় অনুষ্ঠিত খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল কর্মসূচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা মুফতি আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, এডভোকেট আলীম উদ্দিন, মাহমুদুর রহমান দেলোয়ার প্রমুখ।
এদিকে শহরতলীর ইসলামপুরস্থ আল-আমীন জামেয়া ইসলামিয়া এতিমখানায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা হাফিজ মিফতাহুদ্দীন, আবদুস শাকুর, শামীম আহমদ ও চৌধুরী আব্দুল বাছিত নাহির প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, শহীদ আব্দুল কাদের মোল্লা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ইসলামী আন্দোলনের কোটি কোটি জনতার কাছে প্রেরণা হয়ে থাকবে। যারা মিথ্যা তথ্য, উপাত্ত ও ভুয়া সাক্ষীর উপর ভিত্তি করে ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবি আব্দুল কাদের মোল্লাকে বিচারের নামে হত্যা করেছে জাতি তাদেরকে কোন দিন ক্ষমা করবে না।
